প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৩:৩৫ পিএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় তার বাসার সামনে ছাত্র-জনতা অবস্থান নিয়েছে। তিনি সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ ও ‘রাজাকারের বাচ্চা’ বলে আখ্যায়িত করায় এ ক্ষোভের সূত্রপাত।
সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে দুদক কার্যালয় সংলগ্ন তার বাসার সামনে এই বিক্ষোভ শুরু হয়। এসময় সেনা ও পুলিশ সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র আন্দোলনকারী বলেন, “আমরা ফজলুর রহমানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তিনি আমাদের আন্দোলনকারীদের অপমান করেছেন। আজ এখানে তার গ্রেপ্তারের প্রতীকী অভিনয়ও করা হবে।”
আরেকজন আন্দোলনকারী অভিযোগ করেন, “আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, কিন্তু অন্তর্বর্তী সরকার আমাদের যথাযথভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হচ্ছে।”
এদিকে ফজলুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। নিজ জেলা কিশোরগঞ্জে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয়রা। বিএনপিও তাকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের মন্তব্যের বিরুদ্ধে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ