প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৯:০৬ AM

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপির নেতাকর্মীরা।
রবিবার (২৪ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় এ কর্মসূচি পালিত হয়। বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
তারা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভে অংশ নেন মুন্সী আমান, জুয়েল আলী, জুনায়েদ খান, মনির হোসেন, ফজল খান, জাকির হোসেন, মো. হেলালসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ।
এ বিষয়ে শাহবাজপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক জুনায়েদ খান জানান, ঢাকায় রুমিন ফারহানার ওপর অতর্কিত হামলা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষ বিক্ষোভ কর্মসূচি পালন করে।
খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিক্ষোভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পৌনে ৭টার দিকে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে দাঁড়ান।
এরপর যান চলাচল শুরু হয়।
স্বদেশ প্রতিদিন/এমএম