প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১:১১ পিএম আপডেট: ২৩.০৮.২০২৫ ১:১৮ PM

সংগৃহীত ছবি
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ যদি নির্বাচনে সক্রিয় থাকে, তাহলে কোনো ষড়যন্ত্রই কাজ করবে না।
তিনি জানান, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
আজ শনিবার (২৩ আগস্ট) বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) হিমাগার পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
অস্ত্র উদ্ধারের ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “শুধু নির্বাচন উপলক্ষ্যে না, দেশে অন্য সময়ও যেন কোনো ধরনের অস্ত্র ঢুকতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি আরো বলেন, “আজকেও কিন্তু অস্ত্র উদ্ধার হয়েছে। অস্ত্র উদ্ধার একটা চলমান প্রক্রিয়া। ডেইলি অস্ত্র উদ্ধার হচ্ছে। ইলেকশনের আগে আমরা আশা করছি প্রায় সব অস্ত্র আমরা উদ্ধার করে ফেলবো।”
নির্বাচনের প্রস্তুতি বিষয়ে তিনি বলেন, “নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা সেভাবেই নিচ্ছি। আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। আমাদের চিফ এডভাইজার যে তারিখ বলে দিয়েছেন আমরা ওইভাবে ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত।”
ফেসবুকে নির্বাচনী প্রোপাগান্ডা এবং আ. লীগের অংশগ্রহণ না করার মতো বিভিন্ন দাবি সম্পর্কে তিনি বলেন, “এখন দেশ হলো স্বাধীন দেশ। আপনারা কিন্তু আগে অনেক কিছু প্রকাশ করতে পারেননি। এখন আপনারা সবকিছু প্রকাশ করতে পারেন। এজন্য যার যার মত সে প্রকাশ করতে পারে। জনগণ সিদ্ধান্ত নেবে। মানে জনগণ যেই সময় নির্বাচনমুখি হয়ে যাবে, পলিটিক্যাল পার্টিগুলো যখন নির্বাচনমুখি হয়ে যাবে, সেই সময় দেখবেন এইসব কিছুতে কেউ কোনো বাধা দিতে পারবে না। জনগণ আমাদের মেইন ফ্যাক্টর। যেহেতু সবাই নির্বাচনমুখি হয়েছে নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না।”
সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “আপনারা দেখছেন আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। সীমান্ত নিরাপদ এবং সুরক্ষিত। আমাদের জনগণও কিন্তু সাংঘাতিক সচেতন। বর্ডার বেল্টে আমাদের যেইসব জনগণ আছে তারা কিন্তু খুবই সচেতন।”