
সংগৃহীত ছবি
বয়স বাড়া স্বাভাবিক, তবে কেউ চায় না ত্বকে বয়সের ছাপ খুব দ্রুত পড়ুক। অনেকেই ত্বক সুন্দর রাখতে নানা রকম চেষ্টায় থাকেন। কিন্তু প্রতিদিন আমরা এমন কিছু পানীয় ব্যবহার করি, যা আমাদের অজান্তেই ত্বক রুক্ষ ও সময়ের আগে বুড়ো করে দেয়।
বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত কিছু পানীয় খেলে ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয় এবং বয়সের ছাপ দ্রুত পড়ে। চলুন জেনে নিই সেই ৩টি পানীয়:
১. এনার্জি ড্রিংকস
এনার্জি ড্রিংকে বেশি চিনি ও ক্যাফেইন থাকে, যা শরীরকে ডিহাইড্রেট করে। এর ফলে ত্বক শুষ্ক ও নিস্তেজ হয়ে পড়ে, বলিরেখা আগেভাগেই দেখা দেয়।
বিকল্প: চিনিমুক্ত হারবাল চা যেমন পুদিনা, তুলসী বা দারুচিনি চা। এগুলো ত্বককে সতেজ রাখে এবং শরীরকেও চাঙা রাখে।
২. অ্যালকোহল
অ্যালকোহল শরীরের পানি শুষে নেয় এবং ত্বকে প্রদাহ সৃষ্টি করে। নিয়মিত অ্যালকোহল পান করলে ত্বক রুক্ষ ও উজ্জ্বলতা হারায়, বয়সের ছাপ দ্রুত দেখা দেয়।
বিকল্প: তাজা ফলের রস। এতে থাকে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে তরতাজা রাখে।
৩. কোমল পানীয়
সফট ড্রিংকে থাকা চিনি ত্বকের কোলাজেন ও ইলাস্টিন ভেঙে দেয়। এর ফলে ত্বক ঝুলে পড়ে, ফেটে যায় এবং বয়সের ছাপ স্পষ্ট হয়।
বিকল্প: লেবু-মধুর কুসুম গরম পানি। খালি পেটে খেলে হজমে সহায়তা করে, টক্সিন দূর করে এবং ত্বক উজ্জ্বল রাখে।
ত্বক সুন্দর রাখতে খাদ্যাভ্যাসে রাখুন:
সবুজ শাকসবজি: শরীর ডিটক্স করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক ও চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে।
আখরোট: ওমেগা-৩ ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, ক্যানসার ও হৃদরোগ প্রতিরোধে সহায়ক।
আমন্ড: ভিটামিন ই সমৃদ্ধ, ত্বক টানটান রাখে এবং বলিরেখা কমায়।
গ্রিন টি: ক্যানসার রোধ করে, ওজন নিয়ন্ত্রণে রাখে এবং ত্বকের বয়সের ছাপ কমাতে সাহায্য করে।
কিউই: ভিটামিন সি সমৃদ্ধ, ত্বক ও রোগ প্রতিরোধে দারুণ।
জিরা: হজম শক্তি বাড়ায়, ওজন নিয়ন্ত্রণে রাখে, এবং ত্বকের ফোলাভাব কমাতে সহায়ক।
ত্বকের রূপচর্চা শুধু বাইরের যত্নেই সীমাবদ্ধ নয়। ভেতর থেকেও স্বাস্থ্যকর অভ্যাস রাখা জরুরি। প্রতিদিন কী খাচ্ছেন, কী পান করছেন—সবই ত্বকের সৌন্দর্য ও বয়সের ছাপকে প্রভাবিত করে। তাই আজ থেকেই শুরু করুন স্বাস্থ্যকর অভ্যাস, আর বয়সের ছাপ দেরিতে পড়ুক।