স্বাধীন সাংবাদিকতার পথে সবচেয়ে বড় বাধা রাজনৈতিক ও গোয়েন্দা হস্তক্ষেপ: হাসনাত আবদুল্লাহ
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১১:৪৪ AM

সংগৃহীত ছবি
দেশে সাংবাদিকতার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
আজ শনিবার (২৩ আগস্ট) সকালে তিনি তার ভেরিফায়ড ফেসবুক আইডিতে এই উদ্বেগ প্রকাশ করেন।
হাসনাত আবদুল্লাহ লেখেন, দেশে টেলিভিশনের জন্য কোনো পৃথক আইন না থাকার কারণে সরকার চাইলে যে কোনো সময় চ্যানেল বন্ধ করতে পারে। অনলাইন ও টেলিভিশন মাধ্যমে সাংবাদিকদের জন্য নির্ধারিত কোনো বেতন কাঠামো নেই। ঢাকায় অনেক সাংবাদিক মাসে মাত্র ৮–১০ হাজার টাকা বেতন পান, আর মফস্বলের অধিকাংশ সাংবাদিকের কোনো বেতন নেই। উল্টো, অনেক সময় আইডি কার্ড পাওয়ার জন্য সাংবাদিকদের অর্থ প্রদান করতে হয়।
তিনি আরো লেখেন, পত্রিকাগুলো এখনও ২০১৩ সালের অষ্টম ওয়েজবোর্ড অনুসরণ করে, যা বাধ্যতামূলক নয়। ফলে অধিকাংশ মালিকরা তা মানেন না। যেখানে বেতন দেওয়া হয়, সেখানে ৪–৫ মাস বকেয়া থাকা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। চাকরির নিশ্চয়তা নেই এবং মালিক চাইলে যেকোনো সময় সাংবাদিকদের ছাঁটাই করতে পারেন।
স্বাধীন সাংবাদিকতার পথে প্রধান বাধা হিসেবে রাজনৈতিক ও গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপের কথা তুলে ধরে তিনি লেখেন, এ ধরনের চাপের কারণে মালিকরা ক্ষমতার কাছাকাছি থাকার প্রলোভনে পড়েন এবং সাংবাদিকদের মাধ্যমে সরাসরি রাজনৈতিক দালালি চালানো হয়। এছাড়া কর্পোরেট সংস্থাগুলোর নেক্সাস, বিশেষ করে বসুন্ধরা গ্রুপের মিডিয়া প্রভাব, অনেক সাংবাদিককে আত্মসমর্পণে বাধ্য করে।