প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১২:১৬ AM

দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসে বইছে উৎসবমুখর আমেজ। তবে নির্বাচনী প্রচারণার নামে অনেকে ইতোমধ্যে আচরণবিধি ভঙ্গ করছেন বলে অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের নিয়ম অমান্য করলে যেকোনো প্রার্থী প্রার্থীতা হারাতে পারেন।
নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী, মাদকাসক্তি, ফৌজদারি অপরাধ, আর্থিক অনিয়ম, যৌন অপরাধ বা শাস্তিপ্রাপ্ত প্রার্থীর প্রার্থীতা বাতিল হবে। এছাড়া নির্বাচনী প্রচারণায় বহিরাগত ব্যক্তির অংশগ্রহণ, শিক্ষক–কর্মকর্তাদের সরাসরি সম্পৃক্ততা এবং উইকেন্ড/ইভনিং/পিএইচডি শিক্ষার্থীদের প্রভাব বিস্তার নিষিদ্ধ।
একইসঙ্গে প্রচারণায় সভা-সমাবেশ, মাইক ব্যবহার, পোস্টার-ফেস্টুন, লিফলেট বিতরণ, দেওয়াল লিখন, তোরণ বা ক্যাম্প নির্মাণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এআই প্রযুক্তি ব্যবহার কিংবা ধর্মীয় উপাসনালয়কে প্রচারণায় কাজে লাগানোও যাবে না। এ নিয়ম ভঙ্গ করলে প্রার্থীতা বাতিল হতে পারে।
খরচ নিয়ন্ত্রণের অংশ হিসেবে কমিশন জানিয়েছে, হল সংসদের প্রার্থী সর্বোচ্চ ৪০০০ টাকা এবং কেন্দ্রীয় সংসদের প্রার্থী সর্বোচ্চ ৭০০০ টাকা খরচ করতে পারবেন। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে যেকোনো শিক্ষার্থী অভিযোগ করতে পারবেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে প্রার্থীতা বাতিলের পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ