প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১২:২১ AM

বগুড়ার ধুনটে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর দ্বি-বার্ষিক সম্মেলন ও নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টায় ধুনট উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি মোঃ আব্দুস সোবহানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ সজিব আকন্দের সঞ্চালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট-শেরপুর নির্বাচনী এলাকার ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা প্রভাষক মীর মাহমুদুর রহমান (চুন্নু)।
তিনি বলেন, “বিগত ৫৪ বছরে অনুষ্ঠিত নির্বাচনে নানা অনিয়ম ও সন্ত্রাসের সংস্কৃতি গড়ে উঠেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় হলো পিআর (Proportional Representation) পদ্ধতির নির্বাচন ব্যবস্থা চালু করা। বহুদেশের অভিজ্ঞতা বলছে, পিআর পদ্ধতিই কালো টাকা, মাস্তানি ও সন্ত্রাস দমনের কার্যকর সমাধান।”
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার উপদেষ্টা হাফেজ মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ ফরহাদ হোসেন মন্টু, সহ-সভাপতি মোঃ আবু তালেব, যুগ্ম সম্পাদক মোঃ আবু নোমানসহ জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়া ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন ও জাতীয় ওলামা মাশায়েখ আঈম্মা পরিষদের নেতারাও উপস্থিত ছিলেন।
শেষ পর্বে প্রধান অতিথি পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি নির্বাচিত হন মোঃ সজীব আকন্দ।
স্বদেশ প্রতিদিন/ আরএফ