প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১১:৩৮ AM

সংগৃহীত ছবি
তীব্র তাপপ্রবাহের কারণে আরব বিশ্বের পাঁচ দেশ—ইরাক, আলজেরিয়া, লেবানন, সিরিয়া ও মরক্কো—একযোগে দাবানলের কবলে পড়েছে। এতে বনভূমি, কৃষিজমি ও চারণভূমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ইরাক:
উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান প্রদেশের হালাবজা জেলায় রবিবার সন্ধ্যায় দাবানল শুরু হয়। এতে প্রায় ৫ হাজার দুনাম (১,২৩৫ একর) বন ও বাগান ধ্বংস হয়েছে। ছয়টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুজন নিহত হয়েছেন। হালাবজার গভর্নর নুখশা নাসিহ জানান, সরঞ্জাম ও প্রতিকূল আবহাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বিলম্ব হয়েছে।
আলজেরিয়া:
দেশের বিভিন্ন প্রদেশে ১৮টি দাবানল ছড়িয়ে পড়ে, যার মধ্যে ৭টি ছিল বেজাইয়ায়। ১০টি আগুন নেভানো হয়েছে, ৪টি এখনো জ্বলছে এবং ৪টি নজরদারিতে রয়েছে। সরকার ১৫টি অগ্নিনির্বাপণ বিমান ও হেলিকপ্টার মোতায়েন করেছে এবং অক্টোবর পর্যন্ত বনে ক্যাম্পিং ও বারবিকিউ নিষিদ্ধ করেছে।
লেবানন ও সিরিয়া:
লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা ১০২টি দাবানল মোকাবিলা করেছে, যার মধ্যে ৭৪টি ছিল বন, তৃণভূমি ও বসতিতে। সিরিয়ার লাতাকিয়ার সালমা শহরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তীব্র বাতাস ও কঠিন ভূখণ্ড সত্ত্বেও দমকলকর্মীরা আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে সক্ষম হয়েছেন।
মরক্কো:
তেতুয়ান প্রদেশের দোয়ার আল-ঘরারসা বনে দাবানল ছড়ায়, পরে তা কৃষিজমিতে পৌঁছায়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ২০২৪ সালে মরক্কোতে ৩৮২টি দাবানল ঘটেছে, যা ২০২৩ সালের তুলনায় ৮২ শতাংশ কম।
দাবানলের কারণে ক্ষতি মোকাবেলায় স্থানীয় প্রশাসন ও দমকল বাহিনী তৎপর থাকলেও প্রকৃতির ক্রোধের ফলে বিপুল ক্ষতি এড়ানো যাচ্ছে না।
সূত্র: আনাদলু এজেন্সি