প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১:০৫ পিএম আপডেট: ২১.০৮.২০২৫ ১:০৯ PM

সিএনজি পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড
হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি সিএনজি ফুয়েল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর ৫ টার আউশকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর ৫টার সময় বাসে গ্যাস দেওয়ার সময় বিস্ফোরণ ঘটলে দ্রুত পুরো পাম্পে আগুন ছড়িয়ে পড়ে। এতে সিএনজি স্টেশনে থাকা একটি বাস ও ১০টি সিএনজিচালিত অটোরিক্সা পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে ৬ জন আহত হয়েছেন। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থলে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
গ্যাস পাম্পের সহকারী ম্যানেজার শোয়েব আহমদ বলেন, “আমরা তিন তলায় ঘুমে ছিলাম। হঠাৎ বিস্ফোরণের শব্দে আমরা ঘুম থেকে উঠি। তারপর তিনতলায় থাকা আমরা তিনজন প্রাণ বাঁচাতে পাশের জমিতে লাফ দিয়ে পড়ে নিজেরা রক্ষা পাই। বাসের মধ্যে গ্যাস দিতে গিয়ে বিস্ফোরণ হয়েছে। আমাদের ৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পক্ষে ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। পরে ফায়ার সার্ভিস লোকজন এসে আগুন চেষ্টা করে নিয়ন্ত্রণে আনেন।”
নবীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ হাবিবুর রহমান জানান, আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পাশাপাশি পাম্পের তৃতীয় তলায় থাকা কর্মীরাও আহত হয়েছেন।