প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১১:০৮ পিএম

মালয়েশিয়ায় নতুন করে কলিং ভিসায় ২৪ লাখের বেশি বিদেশি কর্মী নিয়োগের যে তথ্য বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসান।
সোমবার (১৮ আগস্ট) স্থানীয় সময় বিকালে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ বিষয়ে তিনি পরিষ্কার বক্তব্য দেন।
রাষ্ট্রদূত বলেন, “আমাদের দেশের প্রধান গণমাধ্যমগুলোর আরও দায়িত্বশীলভাবে প্রবাসী সংক্রান্ত সংবাদ প্রচার করা প্রয়োজন। ভুল তথ্য ছড়ালে শুধু প্রবাসীদের বিভ্রান্ত করা হয় না, বরং আমাদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে জটিলতা তৈরি হয়। এমনকি দূতাবাসকেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছ থেকে অপ্রয়োজনীয় প্রশ্নের মুখোমুখি হতে হয়।”
তিনি আরও জানান, মালয়েশিয়ার মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশই বিদেশি কর্মী। সংখ্যাটি দাঁড়ায় প্রায় ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৬ জনে। তবে ২০২৫ সালের মধ্যে নতুন করে মাত্র ২ লাখের কিছু বেশি কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে মালয়েশিয়া সরকার। অথচ অনেক গণমাধ্যম এ তথ্য যাচাই না করে ভিন্নভাবে প্রচার করেছে, যা “খুবই দুঃখজনক” বলে মন্তব্য করেন শামীম আহসান।
স্বদেশ প্রতিদিন/ আরএফ