প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৩:৫৭ পিএম

ভিডিও কনফারেন্স প্ল্যাটফর্ম জুম, গুগল মিট ও মাইক্রোসফট টিমস–এ ব্যবহারকারীদের অজান্তে তথ্য সংগ্রহ করছে এমন অভিযোগ উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ট্রান্সক্রিপশন টুল ওটারডটএআই এর বিরুদ্ধে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রে একটি মামলা করেছেন জাস্টিন ব্রিউয়ার নামের এক ব্যক্তি।
মামলার নথিতে বলা হয়েছে, অনলাইন বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিদের সম্মতি না নিয়েই বৈঠকের তথ্য সংগ্রহ করে নিজেদের সার্ভারে সংরক্ষণ করছে ওটারডটএআই। বৈঠকের আয়োজক এ টুল ব্যবহার করলেই অন্যান্য অংশগ্রহণকারীর কথোপকথনও স্বয়ংক্রিয়ভাবে ধারণ হচ্ছে। বাদীর অভিযোগ, আর্থিক লাভের উদ্দেশ্যে এটি ব্যবহারকারীদের গোপনীয়তা আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
যদিও ওটারডটএআইয়ের নীতিমালায় দাবি করা হয়, কেবল ব্যবহারকারীর অনুমতি পেলেই মিটিং ট্রান্সক্রিপ্ট এআই প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হয়। তবে জাস্টিন ব্রিউয়ারের অভিযোগ, বাস্তবে ব্যবহারকারীদের বিভ্রান্ত করে গোপনে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে প্রতিষ্ঠানটি।
২০১৬ সালে যাত্রা শুরু করা এআই টুলটি বর্তমানে প্রায় ২ কোটি ৫০ লাখ ব্যবহারকারী ব্যবহার করছেন। তবে বারবার গোপনে তথ্য ধারণের অভিযোগ ওঠায় এর নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে প্রশ্ন বাড়ছে। শুধু জাস্টিন ব্রিউয়ার নন, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ও রেডিট–এও অনেক ব্যবহারকারী একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
এর আগেও ওটারডটএআইয়ের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছিল বলে জানায় টাইমস অব ইন্ডিয়া।
স্বদেশ প্রতিদিন/ আরএফ