প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৮:৫৮ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করেছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। পরিকল্পনাটি ইতোমধ্যে কমিশনে অনুমোদনের জন্য জমা দেওয়া হয়েছে এবং চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে।
সোমবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
সচিব বলেন, সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আসা ৮২টি আপত্তির শুনানি আগামী ২৪ আগস্ট থেকে শুরু হয়ে চার দিন চলবে। শুনানি শেষে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
এনআইডি সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, প্রাথমিকভাবে বাতিল হওয়া আবেদনগুলো পুনর্বিবেচনার সুযোগ রাখা হয়েছে। বর্তমানে সারাদেশে এ ধরনের আপিলের সংখ্যা প্রায় ৮০ হাজার। ডাটা এন্ট্রি আরও নিখুঁত হলে এই সংখ্যা কমে আসবে।
সচিব আরও জানান, ভোটার নিবন্ধন ফরম-২ স্ক্যানের কাজ শুরু হয়েছে। ২০০৮ সাল থেকে শুরু হওয়া নিবন্ধন প্রক্রিয়ার অনেক ফরম এখনও স্ক্যান হয়নি। এগুলো স্ক্যান করে কমিশনের পোর্টালে সংরক্ষণ করা হবে, যাতে তথ্যভাণ্ডার আরও সমৃদ্ধ হয়।
ভোটকেন্দ্র স্থাপন প্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে না, বরং বিদ্যমান কেন্দ্রগুলোর মধ্যে ভোটারদের উপস্থিতি সমন্বয় করা হবে। বর্তমানে প্রতি ৫০০ ভোটারের জন্য একটি বুথ আছে, যা ভবিষ্যতে ৬০০ করা হতে পারে।
রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে সচিব জানান, মাঠপর্যায়ে যাচাইয়ের জন্য পাঠানো ২২টি রাজনৈতিক দলের আবেদন নিয়ে কাজ চলছে। যাদের আবেদন বাতিল বা বিবেচনাযোগ্য নয় বলে মনে হয়েছে, তাদের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে চিঠি পাঠানো হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে সচিব বলেন, কমিশনের কাছে এই মুহূর্তে কোনো উদ্বেগ নেই। নির্বাচন ব্যবস্থাপনা কমিশনের দায়িত্ব, তবে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীও নিজ নিজ কাজ করছে। আগাম প্রস্তুতির কারণে শেষ মুহূর্তে কোনো ধরনের জটিলতা হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ