প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ১০:২৮ AM

সংগৃহীত ছবি
মিশরের হুরঘাদা জেনারেল হাসপাতালের চিকিৎসকরা একটি অনন্য অস্ত্রোপচার সম্পন্ন করে রোগীর পেট থেকে একটি মোবাইল ফোন বের করেছেন।
গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, মোবাইল ফোনটি ছোট আকারের হলেও এটি পেটে থাকা অবস্থায় রোগীর জীবনের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছিল।
রেড সি হেলথ ডিরেক্টরেটের তথ্য অনুযায়ী, ওই রোগী তীব্র পেটব্যথা, নিয়মিত বমি এবং চরম ক্লান্তি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ইমেজিং স্ক্যানে দেখা যায়, পাকস্থলিতে একটি অজানা বস্তু আটকে রয়েছে যা বাধা সৃষ্টি করছিল। পরে সার্জনরা সেটি শনাক্ত করেন এবং অস্ত্রোপচারের মাধ্যমে বের করেন। জানা গেছে, মোবাইল ফোনটি ভুলবশত রোগী গিলে ফেলেছিলেন।
হাসপাতালের পরিচালক ডা. করিম এল শাবরাভি জানান, বিশেষায়িত চিকিৎসক দল জরুরি ভিত্তিতে এই অপারেশন সম্পন্ন করে এবং তা কোনও জটিলতা ছাড়াই সফল হয়। অস্ত্রোপচারের পর রোগী জ্ঞান ফিরে পেয়েছেন এবং বর্তমানে পর্যবেক্ষণে আছেন। তবে কীভাবে মোবাইল ফোনটি সেখানে পৌঁছেছে এবং রোগীর পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
চিকিৎসা সাহিত্যে এমন অস্বাভাবিক ঘটনা বিরল হলেও আগে বিভিন্ন রোগীর পেট থেকে ছুরি, পেরেক ও স্ক্রু সহ বিভিন্ন ধাতব বস্তু বের করার ঘটনা দেখা গেছে। মিশরে ২০২১ সালে এমন একটি বিরল ঘটনা ঘটেছিল, যেখানে একজন রোগী সম্পূর্ণ মোবাইল ফোন গিলে ফেলেছিলেন এবং তা খাদ্যনালিতে আটকে পড়ে জরুরি চিকিৎসার প্রয়োজন হয়েছিল।