প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ১০:১৮ AM

সংগৃহীত ছবি
মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া’ (ইউকেএম) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সামাজিক ব্যবসা উন্নয়নে তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে।
আজ বুধবার (১৩ আগস্ট) কুয়ালালামপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তার হাতে সম্মানসূচক ডিগ্রির সনদ তুলে দেন।
অনুষ্ঠানে প্রফেসর ইউনূস তাঁর বক্তব্য দেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, নীতিনির্ধারক ও বাংলাদেশের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। প্রফেসর ইউনূস বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে চ্যান্সেলর তাকে স্বাগত জানান এবং শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিকে লালগালিচায় সংবর্ধনা দেওয়া হয়।
গতকাল মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কারণে বাংলাদেশের অর্থনীতি এক বছরের মধ্যে শক্তিশালী অবস্থায় ফিরে এসেছে। তিনি বলেন, “পূর্বে স্বৈরশাসনের সময়ে অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছিল, তবে প্রবাসীদের অর্থের মাধ্যমে অর্থনীতি পুনরায় মজবুত হয়েছে।”
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার কথাও জানিয়ে তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তারা ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে কাজ করছে।”
মালয়েশিয়ায় বড় ব্যবসায়ী ও করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকের মাধ্যমে বড় ধরনের বিনিয়োগের আশ্বাস পাওয়া গেছে বলেও জানান অধ্যাপক ইউনূস।
অনিয়মিত অবস্থায় থাকা প্রবাসীদের জটিলতা সমাধানে সরকার কাজ করবে এবং বৈধ কাগজপত্র নিয়ে বিদেশ যাওয়ার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে মালয়েশিয়ার বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসান, আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বক্তব্য রাখেন।
উল্লেখ্য, অধ্যাপক ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুরে রয়েছেন।