প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৭:৪৬ পিএম আপডেট: ১২.০৮.২০২৫ ৭:৫২ PM

সাতক্ষীরা এড. আব্দুর রহমান কলেজে তিন শিক্ষকের এমপিও প্রমানিত সনদ জালিয়াতির অভিযোগে বাতিল এবং বেতনভাতা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার দাবি উঠেছে। কলেজের একজন প্রভাষক শিক্ষা উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ অনুযায়ী, ইতিহাস বিভাগের প্রভাষক সুরাইয়া সুলতানা গার্হস্থ্য অর্থনীতিতে, ইসলামের ইতিহাসের প্রভাষক হুমায়ুন কবির পরিসংখ্যান বিভাগে এবং ভূগোলের প্রভাষক শাহাজান কবির অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোলে এমপিও করিয়েছেন। দীর্ঘ তদন্ত শেষে ২০১৭ সালে শিক্ষা মন্ত্রণালয় তাদের এমপিও বাতিল ও বেতন ফেরতের নির্দেশ দেয়। কিন্তু সাত বছর অতিবাহিত হলেও কলেজ কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেয়নি।
কলেজ গভর্নিং বডির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সোয়াইব আহমাদ জানান, বরখাস্তের বিষয়ে কেউ দায়িত্ব নিচ্ছে না। অভিযোগের বিরুদ্ধে সুরাইয়া সুলতানা জাল সনদ থাকার কথা অস্বীকার করেছেন এবং বেতন ফেরত সংক্রান্ত বিষয় মিমাংসা হয়েছে দাবি করেছেন।
কলেজের শিক্ষকরা অভিযোগ করেন, তদন্তের নামে দীর্ঘ সময় ধরে হয়রানি করা হচ্ছে এবং কলেজে বহিরাগত সন্ত্রাসী দিয়ে আধিপত্য বিস্তার চলছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ