প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৭:৫৩ পিএম

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস-উর-রহমান বলেছেন, ‘সাহস করে সত্য কথা বলার লোক যদি না থাকে, তবে দেশে কোনো সংস্কারই ফলপ্রসূ হবে না। পক্ষপাতিত্বের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করতে না পারলে বিতর্ক সৃষ্টি হবে এবং সংকীর্ণতা জাতিগতভাবে জাতিকে পিছিয়ে দিতে পারে।’
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে খুলনা বিভাগের বিভাগীয় কর্মকর্তা, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দলাদলির বাইরে থেকে দায়িত্ব পালনের চর্চা করা উচিত। দায়িত্ব পালনের ক্ষেত্রে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। রাষ্ট্রীয় স্বার্থ দেখার কেউ না থাকলে সাধারণ মানুষের আর যাওয়ার জায়গা থাকবে না।’
ড. মোখলেস-উর-রহমান আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের পর আমাদের মধ্যে একটি বোধোদয় হয়েছে। এখন আমাদের প্রয়োজন সীমাবদ্ধতা চিহ্নিত করে তা অতিক্রম করা। আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনের জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুত হতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচনকে গৌরবময় পর্যায়ে নিয়ে যেতে হবে। আমাদের সফল হতেই হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। ধন্যবাদ জ্ঞাপন করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
সভায় মুক্ত আলোচনায় অংশ নেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক, পুলিশের রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস-উর-রহমান।
স্বদেশ প্রতিদিন/এমএম