
সংগৃহীত ছবি
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) ইংরেজি বিভাগ ভার্চুয়াল মাধ্যমে কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সঙ্গে এক আন্তর্জাতিক যৌথ কর্মশালার আয়োজন করেছে।
গতকাল রবিবার (১০ আগস্ট) রাতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ যৌথ কর্মশালার মূল বক্তা ছিলেন কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক আহলাম ওসমান।
স্বাগত বক্তব্যে এনইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য লাবিবা আবদুল্লাহ বলেন, “এটি কেবল দুটি বিভাগের সহযোগিতা নয়, বরং দুটি দেশ, প্রতিষ্ঠান ও সংস্কৃতির মধ্যে এক নতুন একাডেমিক সেতুবন্ধনের সূচনা। আমরা এমন একটি ক্ষেত্র গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষার্থী ও শিক্ষকরা পারস্পরিক শেখার মাধ্যমে সমৃদ্ধ হবে।”
অধ্যাপক আহলাম তাঁর বক্তব্যে এজরা পাউন্ডের The Cantos এবং আলা আবদেল হাদির The Cantata কবিতার তুলনামূলক বিশ্লেষণ করেন।
তিনি বলেন, “The Cantos আধুনিকতাবাদী কাঠামো ও লেখককেন্দ্রিক দৃষ্টিতে একটি ‘closed text’ অর্থাৎ সীমিত ও নিয়ন্ত্রিত লেখা হিসেবে দেখা হয়। অন্যদিকে, The Cantata পরাধুনিক (postmodern) opera aperta বা পাঠককেন্দ্রিক উন্মুক্ত পাঠ, সংলাপকেন্দ্রিক ও ভাঙাগড়ার বৈশিষ্ট্যের কবিতা।”
অধ্যাপক আহলাম আরও জানান, এই পার্থক্য পূর্বাঞ্চলীয় কাব্যতত্ত্বের কারণে নয়, বরং হাদির পরাধুনিক বিশ্বদৃষ্টিভঙ্গির প্রতিফলন, যা The Cantata-র উন্মুক্ত গঠন ও অর্থ উৎপাদনকে প্রভাবিত করেছে। এ ধরনের তুলনামূলক পাঠ সাহিত্যরূপের মধ্যে ঐতিহাসিক, রাজনৈতিক ও দার্শনিক প্রেক্ষাপটের প্রভাব তুলে ধরে এবং তুলনামূলক কাব্যতত্ত্বে নতুন দিগন্ত উন্মোচন করে।
সেশনের শেষেই অনুষদের ডিন মোহাম্মদ মোজাম্মেল হক অধ্যাপক আহলামের দূরদর্শী ও চিন্তাশীল বক্তব্যের প্রশংসা করেন এবং উল্লেখ করেন, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এটি এনইউবির প্রথম প্রাতিষ্ঠানিক সহযোগিতা, যা দেশের উচ্চশিক্ষার জন্য গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কায়রোর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আরব রাইটার্স ইউনিয়নের সদস্য অধ্যাপক মোহাম্মদও আলোচনায় অংশ নেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতে যৌথ গবেষণা, অতিথি বক্তৃতা ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি চালুর বিষয়ে দুই প্রতিষ্ঠান নীতিগত সম্মতি পেয়েছে। এনইউবি ইংরেজি বিভাগ বিশ্বাস করে, এই উদ্যোগ বাংলাদেশের উচ্চশিক্ষায় আন্তর্জাতিক সংযোগ, গবেষণা ও পাঠ্যক্রম উন্নয়নে একটি স্থায়ী মডেল হয়ে উঠবে।