প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৫:৩৩ পিএম আপডেট: ০৯.০৮.২০২৫ ৫:৪৫ PM

দেশের যেসব স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি হয় না, লোকসানে চলছে সেসব বন্দর ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
শনিবার (৯ আগস্ট) সকালে হিলি স্থলবন্দর পরিদর্শনে এসে তিনি এই কথা বলেন।
নৌপরিবহন উপদেষ্টা বলেন, ‘২৪টি বন্দরের মধ্যে ৮টি বন্দর বন্ধ করতে চেয়েছিলাম, ইতোমধ্যে ৪টি বন্ধ করতে পেরেছি। বাকি ২০টি বন্দর রয়েছে। এর মধ্যে কার্যকর ১২ থেকে ১৪টির বেশী নেই।’
তিনি আরও উল্লেক করেন, ‘এসব বন্দরকে আধুনিকায়ন করে কি হবে? এক পয়সা যেখানে আয় নেই, সারাবছর যেখানে ১০ থেকে ৩০ হাজার টাকা আয় হয় অথচ খরচ তো হচ্ছে এর চেয়ে অনেক বেশী।’
তিনি বলেন, ‘যেগুলো কার্যকরি ও বড় বন্দর সেগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে। এছাড়া আরো কিছু নদীবন্দর রয়েছে এ সেগুলোকেও আমরা এভাবে বেসরকারি খাতে পরিচালনার জন্য দেওয়ার চেষ্টা করছি।
এর আগে তিনি বন্দরের সভাকক্ষে কাস্টমস বন্দর কতৃপক্ষ ও ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন। এসময় ব্যবসায়ীরা বন্দরের রাস্তাঘাট সংস্কার, ওয়ারহাউজ, অবকাঠামো উন্নয়নসহ বন্দরে যেসব জটিলতা রয়েছে সেগুলো তুলে ধরেন ও এর সমাধান চান উপদেষ্টার কাছে। পরে তিনি বন্দর ও কাস্টমসের বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন। এসময় সেখানে বাংলাদেশ স্থলবন্দর কতৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান, কাস্টমসের রংপুর বিভাগীয় কমিশনার অরুন কুমারসহ অনেকে উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এমএম