প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ১১:২৭ AM

সংগৃহীত ছবি
আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রান্তিক কৃষকদের জন্য ‘ফারমার্স কার্ড’ চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
গতকাল শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার চর মানাইড় ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।
শহিদুল ইসলাম বলেন, “গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ। সেই স্বপ্ন এখনো বাস্তবায়িত হয়নি। তবে আশার কথা হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা।”
ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা-চরভদ্রাসন) আসনের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি আপনাদের সন্তান। আপনাদের সেবা করার জন্য তারেক রহমান আমাকে এখানে পাঠিয়েছেন। বিএনপি সরকার গঠন করলে এবং আমাকে নির্বাচিত করলে আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের সেবা করব।”
সদরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রাব্বানী, আহ্বায়ক কাজী বদরুতজামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কয়েস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কে এম আবু সাইদ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বজলুর রশিদ প্রমুখ।