প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ২:৩৬ পিএম আপডেট: ০৬.০৮.২০২৫ ৩:১৬ PM

পৃথিবীর অন্যতম প্রাকৃতিক বিস্ময় হিমালয় পর্বতমালা আজ জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট দূষণের কবলে। ভারতের ‘বোস ইনস্টিটিউট’-এর সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য- হিমালয়ের মেঘে মিলছে বিষাক্ত ধাতু, যা পরিবেশ এবং মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।
গবেষণায় দেখা গেছে, হিমালয়ের মেঘ নীরবে বয়ে নিয়ে চলেছে ক্যাডমিয়াম, তামা, দস্তা ও ক্রোমিয়ামের মতো ভারী ধাতু। বিশেষ করে ভারতের মহাবালেশ্বর এলাকায় এই দূষণের মাত্রা আশঙ্কাজনকভাবে বেশি। দার্জিলিং অঞ্চলের তুলনায় সেখানে ধাতুর ঘনত্ব দ্বিগুণেরও বেশি। বিশেষ করে মহাবালেশ্বর নামের এলাকায় দার্জিলিংয়ের তুলনায় দ্বিগুণ পরিমাণে ভারী ধাতু পাওয়া গেছে।
বিশেষজ্ঞদের মতে, এসব উপাদান ক্যানসারসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়াতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পূর্ব হিমালয়ের মেঘে পশ্চিম হিমালয়ের তুলনায় দেড় গুণ বেশি দূষণ রয়েছে। বিশেষ করে দ্রবীভূত ক্রোমিয়াম বাতাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে ক্যানসার সৃষ্টি করতে পারে।
বিজ্ঞানীরা মনে করছেন, এই বিষাক্ত ধাতুগুলোর প্রধান উৎস হতে পারে হিমালয়ের নিচু অঞ্চল থেকে আসা যানবাহন ও শিল্পকারখানার ধোঁয়া ও নির্গত বর্জ্য। এসব ধাতু মেঘের মাধ্যমে পরিবেশে ছড়িয়ে পড়ছে, যা বৃষ্টির পানির সাথে মাটিতে এবং পানিপ্রবাহে মিশে যেতে পারে।
এই দূষণের ফলে হিমালয় অঞ্চলের পানির মান, প্রাকৃতিক ভারসাম্য এবং মানুষের স্বাস্থ্য- সবই হুমকির মুখে পড়ছে। বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান ও পর্যবেক্ষণ করা প্রয়োজন বলে মত দিয়েছেন গবেষকরা।
স্বদেশ প্রতিদিন/এমএম