প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৯:১০ পিএম

বর্তমানে অবকাশ যাপনের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব খান এবং অভিনেত্রী শবনম বুবলী।
রোববার (৩ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিউ ইয়র্কের রুজভেলট আইল্যান্ডে তোলা ঘনিষ্ঠ মুহূর্তের ১১টি ছবি প্রকাশ করেন বুবলী।
ছবিগুলোতে দেখা যায়, শাকিব খান ছেলে শেহজাদ খান বীর ও বুবলীর সঙ্গে সবুজ ঘাসে খালি পায়ে হাঁটছেন। কখনো বীরের হাত ধরে, কখনো বুবলীর হাত ধরে পারিবারিক সময় উপভোগ করছেন তিনি। ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন—“যুক্তরাষ্ট্রের জীবন।”
উল্লেখ্য, এর আগেও দুই বছর আগে বড় ছেলে আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণে গিয়েছিলেন শাকিব খান। সেই সময় তার সঙ্গে ছিলেন জয়-এর মা এবং শাকিবের প্রথম স্ত্রী, চিত্রনায়িকা অপু বিশ্বাস।
ব্যক্তিগত জীবনে ২০০৮ সালে অপু বিশ্বাসকে গোপনে বিয়ে করেন শাকিব। তাদের সংসারে রয়েছে পুত্র আব্রাম খান জয়। ২০১৭ সালে সে সম্পর্কের অবসান ঘটে। এরপর ২০১৮ সালে চিত্রনায়িকা বুবলীকে বিয়ে করেন তিনি, এবং তাদের ঘরে জন্ম নেয় পুত্র শেহজাদ খান বীর। তবে সেই সম্পর্কও স্থায়ী হয়নি।
বর্তমানে শাকিব খান একাকী জীবনযাপন করলেও দুই সন্তানকেই সমান দায়িত্বের সঙ্গে লালন-পালন করছেন বলে জানা গেছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ