প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১:৫৪ পিএম

লন্ডনের ওভালে ইংল্যান্ড-ভারত সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে বল হাতে ইতিহাস গড়লেন ইংল্যান্ডের পেসার গাস আটকিনসন।
চোটের কারণে প্রথম চার টেস্ট মিস করলেও পঞ্চম টেস্টে ফিরে তিনি যেন আগুন ঝরালেন। ভারতের প্রথম ইনিংসে মাত্র ৩৩ রানে ৫ উইকেট নিয়ে নিজের নাম লেখালেন ১২৯ বছরের পুরনো এক রেকর্ডে।
আটকিনসনের শিকার হয়েছেন যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। এই পারফরম্যান্সের মাধ্যমে মাত্র ১৩ টেস্টেই ৬০ উইকেট পূর্ণ করেন তিনি।
সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো, আটকিনসনের স্ট্রাইক রেট ৩৪.৯—যা টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন। এর আগে শুধু ইংল্যান্ডের কিংবদন্তি জর্জ লেহম্যান (১৮৯৬ সালে শেষ টেস্ট) ৩৪.১ স্ট্রাইক রেটে ৬০ উইকেট নিয়েছিলেন। তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান পেসার স্কট বোল্যান্ড (৩৬ স্ট্রাইক রেট)।
প্রথম ইনিংসে ভারত ২২৪ রানে অলআউট হয়। করুণ নায়ারের ৫৭ ও ওয়াশিংটন সুন্দরের ২৬ রানের ইনিংস কিছুটা প্রতিরোধ গড়ে তোলে। ইংলিশ পেসার আটকিনসন ও জশ টাং মিলে ভারতীয় ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন।
ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে শুরুটা ভালো করলেও প্রসিদ্ধ কৃষ্ণা ও মোহাম্মদ সিরাজের দারুণ বোলিংয়ে থামে ২৪৭ রানে। ফলে মাত্র ২৩ রানের লিড নেয় স্বাগতিকরা।
দিন শেষে ভারতের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ২ উইকেটে ৭৫ রান। যশস্বী জয়সওয়াল অপরাজিত ৫১ রানে এবং নাইটওয়াচম্যান আকাশ দীপ রয়েছেন ৪ রানে। ভারতের লিড দাঁড়িয়েছে ৫২ রানে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ