প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৮:৪১ AM

সংগৃহীত ছবি
দেশের তিনটি বিভাগ, রংপুর, ময়মনসিংহ ও সিলেটে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় আবহাওয়াবিদ একেএম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় উল্লেখিত তিন বিভাগের অনেক জায়গায় ভারি (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতিভারি (৮৮ মি.মি./২৪ ঘণ্টা বা তার বেশি) বৃষ্টিপাত হতে পারে।
এর আগে আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, মৌসুমি লঘুচাপের কেন্দ্র ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা-রাজশাহী সীমান্ত অঞ্চলে অবস্থান করছে। এর ফলে দেশের আটটি বিভাগের বেশিরভাগ জেলায় দিনভর ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের ভারত সীমান্তবর্তী এলাকায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে ৫১ মিলিমিটার। সিলেটে ৪৮, চট্টগ্রামে ৪২, পাবনার ঈশ্বরদীতে ৩৯, চুয়াডাঙ্গায় ৩৮, টেকনাফে ৩৬, নেত্রকোণায় ৩৫ এবং ঢাকায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
তবে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে।