প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৪৮ পিএম

ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজা ও ১ পিস ইয়াবাসহ মো. বাপ্পি আকন (৩২) নামের এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ১ বছর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজাপুর সদর ইউনিয়নের রাজাপুর সরকারি কলেজের পশ্চিম পাশে এ অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্ত মো. বাপ্পি আকন রাজাপুর সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার মো. মফিজুল আকনের ছেলে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঝালকাঠি জেলার সহযোগিতায় রাজাপুর সদর ইউনিয়নের রাজাপুর সরকারি কলেজের পশ্চিম পাশে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাপ্পি আকনকে ২৫০ গ্রাম গাঁজা ও ১ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
পরে অপরাধ আমলে নিয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় বাপ্পি আকনকে ১ বছর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থ অনাদায়ে তাঁকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মাদকবিরোধী এই অভিযান ও সাজার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি বলেন, মাদকের বিরুদ্ধে রাজাপুর উপজেলায় জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হচ্ছে এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/এস পি