প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৮:৫২ AM

সংগৃহীত ছবি
যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাধারণ যাত্রীর মতো লোকাল বাসে চলাচলের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিগুলোতে কোনো প্রটোকল, নিরাপত্তার বলয় কিংবা ব্যক্তিগত বাহনের চিহ্ন নেই, বরং একজন সাধারণ নাগরিকের মতোই তাকে গণপরিবহনে চলাচল করতে দেখা যায়, যা নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) সকালে লন্ডনের উত্তরের এক নিরিবিলি বাসস্টপে তোলা ছবিতে দেখা যায়, হালকা নীল শার্ট, খাকি প্যান্ট ও সাধারণ স্নিকার্স পরা একজন মধ্যবয়সী তারেক রহমান একটি লাল বেঞ্চে বসে মোবাইল ফোনে ব্যস্ত। কিছুক্ষণ পর একটি লাল ডাবল-ডেকার বাস আসলে, অন্য যাত্রীদের সঙ্গে তিনিও তাতে ওঠে পড়েন।
ছবিগুলোর একটি নিউ ভিক্টোরিয়া হসপিটাল বাসস্টপে তোলা, যেখানে তারেক রহমানকে বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়। তার পাশে থাকা বাসস্টপ বোর্ডে লেখা “Kingston” গন্তব্যটি স্পষ্ট। অন্যান্য ছবিতে তাকে বাসে উঠতে এবং নামতেও দেখা যায়।
এই দৃশ্য অনেকেই ব্যতিক্রমী রাজনীতির প্রতিচ্ছবি হিসেবে দেখছেন। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যেখানে ভিআইপি সংস্কৃতি, প্রটোকল ও বিলাসবহুল বাহন ব্যবহারের রেওয়াজ, সেখানে একজন শীর্ষ রাজনীতিকের সাধারণ মানুষের মতো চলাফেরা সামাজিক মাধ্যমে ‘অ্যান্টি-ভিআইপি’ বার্তা হিসেবে প্রশংসা পাচ্ছে।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও ছবিগুলো শেয়ার করে বলা হয়েছে, আগামীদিনের রাষ্ট্রনায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে বসবাসকালীন কোনো ভিআইপি সুবিধা গ্রহণ না করে সাধারণ মানুষের মতো লোকাল বাসে চলাচল করেন—যা তার বিনয়, সাধারণ জীবনযাপন এবং জনগণের সঙ্গে আত্মিক সংযোগের প্রকৃত প্রতিফলন।
উল্লেখ্য, ২০০৮ সাল থেকে তারেক রহমান যুক্তরাজ্যে অবস্থান করছেন। চিকিৎসা, মামলা ও রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই তার প্রবাসজীবন কাটছে। যদিও শারীরিকভাবে বাংলাদেশে না থাকলেও, ভিডিও বার্তা, ভার্চুয়াল সভা ও রাজনৈতিক দিকনির্দেশনার মাধ্যমে তিনি এখনো দলের কার্যক্রমে সক্রিয়।