প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ২:২৬ পিএম

গণমাধ্যমে অপপ্রচার ও অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে পঞ্চগড়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) পঞ্চগড়ের মাটি ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সাইম। বিশেষ আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ শুকরিয়া পারভীন ।
কর্মশালায় গণমাধ্যমে অপপ্রচার ও অপ-সাংবাদিকতা প্রতিরোধ, সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ। সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকেরা সমাজের অনিয়ম-দুর্নীতি তুলে ধরার পাশাপাশি জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং পেশাগত নৈতিকতা অনুসরণ করা অত্যন্ত জরুরি।
তারা আরও বলেন, অপপ্রচার, গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজের জন্য ক্ষতিকর। এসব প্রতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থ ও প্রভাবের ঊর্ধ্বে থেকে সত্য ও নিরপেক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকতার নীতিমালা অনুসরণ এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ ধরনের প্রশিক্ষণ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা জোরদার এবং গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা। সর্বশেষে প্রশিক্ষনে অংশগ্রহণকারী সাংবাদিকদের সনদ প্রদান করা হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি