প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৩:০৭ পিএম

নরসিংদীর শিবপুরে পূর্বশত্রুতার জেরে দুটি পুকুরে কীটনাশক বিষ প্রয়োগ করে প্রায় পাঁচ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পুকুরের মালিক শারমিন আক্তার ঘটনার বিচার চেয়ে তিনজনের নাম উল্লেখ করে শিবপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বৈলাব গ্রামের মৃত সিরাজ উদ্দিনের মেয়ে শারমিন আক্তারের বসতবাড়ি থেকে কিছুটা দূরে 'দোপাত্তর জোনারটেক' এলাকায় প্রায় ৪০ শতাংশ জমির ওপর দুটি পুকুর রয়েছে। পুকুর দুটিতে তিনি মলা, কই, শিং, কাংলাসহ নানা জাতের দেশীয় মাছ চাষ করছিলেন। চাষকৃত এসব মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা ছিল বলে দাবি ক্ষতিগ্রস্ত গৃহবধূর।
অভিযোগে উল্লেখ করা হয়, একই গ্রামের আহাম্মদের ছেলে বুরজি (৫০), বাতেন (৪০) এবং বুরজির স্ত্রী সেলিনা বেগম (৩৫) পূর্বে ওই পুকুর দুটিতে মাছ চাষ করে আসছিলেন। পরবর্তীতে পুকুর মালিক শারমিন আক্তার নিজেই মাছ চাষ করার সিদ্ধান্ত নিলে তাদের সঙ্গে বিরোধের সূত্রপাত হয়। এ ঘটনার পর থেকেই বিবাদীরা তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন।
শারমিন আক্তার জানান, গত ১৮ অক্টোবর রাত থেকে ১৯ অক্টোবর ভোরের যেকোনো সময়ে বিবাদীরা পুকুর দুটিতে বিষ প্রয়োগ করে থাকতে পারেন। পরদিন দুপুর আনুমানিক ১টার দিকে পুকুরের মাছ মরে ভেসে ওঠার খবর পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে তিনি ঘটনাস্থলে যান এবং সব মাছ মরে ভেসে থাকতে দেখেন। পরে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ প্রদান করেন তিনি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, "অভিযোগটি হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
স্বদেশ প্রতিদিন/এস পি