
সংগৃহীত ছবি
বর্তমান সময়ে ল্যাপটপ, কম্পিউটার কিংবা মোবাইল স্ক্রিন ছাড়া কাজ করার কথা ভাবাই যেন অসম্ভব। দিনের বড় একটি অংশ আমরা স্ক্রিনের সামনে কাটিয়ে দিই। এর ফলে চোখে দেখা দিতে পারে নানা সমস্যা— যেমন চোখ শুকিয়ে যাওয়া, জ্বালা, ঝাপসা দেখা কিংবা মাথাব্যথা। তাই চোখের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি।
চলুন জেনে নিই, কীভাবে সহজ কিছু অভ্যাসে চোখকে সুস্থ রাখা যায়।
২০-২০-২০ নিয়ম অনুসরণ করুন
প্রতি ২০ মিনিট পর পর স্ক্রিন থেকে চোখ সরিয়ে ২০ সেকেন্ডের জন্য ২০ ফুট দূরের কোনো বস্তুর দিকে তাকান। এই সহজ ‘২০-২০-২০’ নিয়মটি চোখের চাপ কমাতে দারুণ কার্যকর।
ঠাণ্ডা পানি ব্যবহার করুন
কাজের ফাঁকে আলতোভাবে চোখে-মুখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এতে চোখের ক্লান্তি অনেকটা দূর হয়। তবে কখনোই জোরে পানি ছিটাবেন না। এতে চোখের ভেতরের টিস্যু ক্ষতিগ্রস্ত হতে পারে।
চোখ বন্ধ করে বিশ্রাম নিন
বিরতির সময় এক–দু’মিনিট চোখ বন্ধ রেখে বিশ্রাম দিন। এটি চোখের পেশিগুলোকে কিছুটা রিল্যাক্স করে।
স্ক্রিন থেকে মাঝে মাঝে চোখ সরান
একটানা স্ক্রিনে তাকিয়ে না থেকে মাঝেমধ্যে জানালার বাইরে বা ঘরের অন্য দিকে তাকান। এতে চোখ কিছুটা বিশ্রাম পায়।
পর্যাপ্ত আলো নিশ্চিত করুন
অন্ধকারে স্ক্রিনে কাজ করলে চোখের উপর বাড়তি চাপ পড়ে। তাই কাজের সময় আশপাশে যথেষ্ট আলো রাখুন, বিশেষ করে প্রাকৃতিক আলো থাকলে তা আরও ভালো।
আইড্রপ ব্যবহারে সতর্কতা
চোখে শুষ্কতা বা জ্বালাপোড়া হলে নিজের ইচ্ছামতো আইড্রপ ব্যবহার না করে আগে চিকিৎসকের পরামর্শ নিন। ভুল ব্যবহার চোখের জন্য ক্ষতিকর হতে পারে।
চোখে পানির ঝাপটা দেওয়া ঠিক না
অনেকেই ঘুম ভাঙাতে বা ঝিমুনি কাটাতে চোখে জোরে পানি ছিটান। এটি একেবারেই সঠিক নয়। এতে চোখ লাল হয়ে যেতে পারে বা ব্যথা হতে পারে।
সঠিক উপায় হলো—পরিষ্কার ঠাণ্ডা পানি দিয়ে ধীরে ধীরে চোখ ধোয়া।
চোখের যত্নে অভ্যাস গড়ে তুলুন
প্রতিদিনের এই ছোট ছোট অভ্যাসগুলো চোখকে সুস্থ রাখতে সহায়তা করে। দীর্ঘ সময় স্ক্রিনে কাজের আগে ও পরে চোখকে বিশ্রাম দেওয়ার বিষয়টি গুরুত্ব দিন।
আর যদি কোনো সমস্যা দীর্ঘস্থায়ী হয়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
সূত্র: এবিপি বাংলা