প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৬:১৭ পিএম আপডেট: ২৭.০৭.২০২৫ ৬:১৯ PM

সড়কে অচলাবস্থা জাবিতে
সবুজে ঘেরা ৬৯৭ একরের বিস্তীর্ণ ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অভ্যন্তরীণ বিভিন্ন সড়কের খারাপ দশার কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের। খানাখন্দে ভরা এসব রাস্তায় দুর্ভোগের নতুন অনুসঙ্গ যোগ করেছে মৌসুমী ঝড়-বৃষ্টি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সামনের রাস্তা, নতুন রেজিস্ট্রার ভবনের সামনের রাস্তা, শহীদ মিনার থেকে ডেইরি গেটে যাওয়ার রাস্তা, ছাত্রী হলে যাওয়ার রাস্তা এবং সালাম বরকত হল থেকে চারুকলা অনুষদের সম্প্রসারিত অংশের সামনের রাস্তায় কাঁদা পানি জমে আছে। এছাড়াও, বটতলা এলাকায় রাস্তায় কাঁদা পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
ভোগান্তির বিষয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী মো. জোনায়েদ বলেন বলেন, “বৃষ্টি হলেই রাস্তা আর চলাচলের উপযোগী থাকে না। আমাদের প্রয়োজনে হল থেকে বের হতে হয়। এই কাঁদা পানির মধ্য দিয়ে আমাদের চলতে সমস্যা হয়। জামা কাপড়ে কাদা লেগে যায়। অনেক সময় পড়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। দীর্ঘদিন ধরে সড়কের এই বেহাল দশা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ব্যাপারে উদাসীন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি এই রাস্তাগুলো যেন দ্রুত সংস্কার করা হয়।”
একই বিষয়ে কামাল উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী আবরার মাহমুদুল হাসান বলেন, “বৃষ্টি হলেই হল থেকে বের হতে গেলে আমাদেরকে দুর্ভোগ পোহাতে হয়। আমাদের হলের সামনের রাস্তা আর চলাচলের উপযোগী থাকে না। রাস্তাগুলো মেরামত করা খুবই জরুরি।”
এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আব্দুস সালাম মোহাম্মদ শরীফ বলেন, “রাস্তা মেরামতের জন্য একটা বাজেট এসেছে কিন্তু বাজেট পর্যাপ্ত নয়। ট্রেজারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কোন রাস্তাগুলো মেরামত করা হবে সেখানে সিদ্ধান্ত হবে। কারণ এই বাজেটে এই মুহূর্তে সব রাস্তা মেরামত করা সম্ভব নয়। আগামী শীতে মেরামত করা হতে পারে।”
সড়কের খারাপ দশা নিয়ে অসন্তোষ প্রকাশ করে এর দ্রুত সংস্কার দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।