প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৬:২১ পিএম আপডেট: ২৭.০৭.২০২৫ ৬:৪৯ PM

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী রাজিব গুরুতর আহত হয়েছেন। ঘটনায় আরও আহত হয়েছেন অমল বাবু নামের এক ব্যক্তি।
শনিবার (২৭ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার হাজীশ্বরাই গ্রামের মস্তান নগর মহাসড়কের পাশে ঘটনাটি ঘটে।
জানা গেছে, অনির্বাণ চৌধুরী রাজিব ওই সময় মোটরসাইকেলে অমল বাবুর পেছনে বসা ছিলেন। হঠাৎ মুখোশধারী সন্ত্রাসীরা অপর একটি মোটরসাইকেলে এসে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে অমল বাবুর পায়ে একটি গুলি লাগে এবং অনির্বাণ চৌধুরী রাজিবের কোমরের দুই পাশে দুটি গুলিবিদ্ধ হয়।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহিম ফেরদৌস প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠিয়ে দেন।
অনির্বাণ চৌধুরী রাজিব এর মোবাইল নাম্বারে ফোন দিলে ফোন রিসিভ করেন রাজিবের প্রতিবেশি উপজেলা ছাত্র দলের সাবেক সিনির সহ সভাপতি মোঃ সাঈদ। তিনি অনির্বাণ চৌধুরী রাজিব এর সাথে এ্যাম্বুলেন্সে রয়েছেন।
তিনি জানান, অনির্বাণ চৌধুরী রাজিবকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া হচ্ছে। কি কারণে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তারা এখনো কিছু অনুমান করতে পারছেন না।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল হালিম বলেন, 'আমি ঘটনাস্থল হাজীশ্বরাই গিয়েছি। এখনো অনির্বাণ চৌধুরী রাজিব এর এলাকায় আছি, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানাবো।'
স্বদেশ প্রতিদিন/ আরএফ