প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ১২:০৮ পিএম আপডেট: ২৩.০৭.২০২৫ ১২:১৫ PM

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ২ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (২২ জুলাই) রাত সোয়া ১১টার দিকে আশুলিয়ার আউকপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আউকপাড়া আদর্শ গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে হোসেন ভান্ডারী (৫০) ও একই এলাকার শেখ লিটন। তারা উভয়েই এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, রাতে আউকপাড়ার ৩০ ফিট রোড এলাকায় যৌথ বাহিনীর চেকপোস্ট চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় হোসেন ভান্ডারীর বাড়ির সামনে থেকে মাদক কেনাবেচার মুহূর্তে তাদের হাতেনাতে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩০ হাজার ৭৮০ টাকা উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত, হোসেন ভান্ডারীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অন্তত পাঁচটি মাদক মামলার রেকর্ড রয়েছে। সর্বশেষ গত ২৬ মে সকালে আশুলিয়ার আউকপাড়া এলাকা থেকে তাকে ২৬৮ পুড়িয়া গাঁজা, ১ গ্রাম হিরোইন ও মাদক বিক্রির ১ লাখ ৫০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়েছিল। জামিনে ছাড়া পেয়ে মাত্র ২৮ দিনের মাথায় সে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে