প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৩:১১ পিএম

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। শিক্ষার্থী আন্দোলনের মধ্যে হঠাৎ করে শুরু হয় ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর। ধারণা করা হচ্ছে, বহিরাগতদের একটি দল পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।
ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে ক্যাম্পাস খালি করার ঘোষণা দেয়। এর পরপরই শিক্ষার্থীরা নিরাপত্তার স্বার্থে একে একে ক্যাম্পাস ত্যাগ করতে শুরু করে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, বেলা ৩টার মধ্যে অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে গেলেও এখনো পুরোপুরি ফাঁকা হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হঠাৎ করে একদল লোক স্কুলের ভেতরে ঢুকে ইট ছোড়াছুড়ি শুরু করে এবং ভবনের কাঁচ ও আসবাবপত্রে ভাঙচুর চালায়। তখন শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাস বন্ধ রাখা হবে।
এদিকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং দোষীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এনআর