
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নীতি ও নেতৃত্বের স্বচ্ছতা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন দলের সদস্য নীলা ইসরাফিল। দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার-এর বিরুদ্ধে অভিযোগ থাকলেও তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়া এবং উল্টো নীলাকে পদযাত্রা কর্মসূচি থেকে বিরত রাখা- এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
শনিবার (১৯ জুলাই) ভোর সোয়া ৪ টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নীলা ইসরাফিল লিখেছেন- ‘আমি কি এনসিপিকে খেয়ে ফেলব? আমি কি এনসিপিকে ভেঙে ফেলব? আমি কি এনসিপিকে ‘লেংটা’ করার জন্য নিযুক্ত? নাকি এই কথাগুলো বলা হচ্ছে কারণ আমি প্রশ্ন করতে শিখেছি? আমার প্রশ্ন খুব সোজা। এনসিপি কি এতটাই দুর্বল, এতটাই নীতিহীন, এতটাই অপারগ, যে একজন নীলা ইসরাফিলের বক্তব্যেই নাকি সব ধসে পড়ে? তা যদি হয়, তাহলে আমি বলব, দলটা ভাঙে না, ভেঙে পড়ে। নিজেই নিজের ভার বহনে অক্ষম।’
তিনি আরও বলেন, ‘আমি সেই মানুষ, যে দলটির জন্মলগ্ন থেকে মানুষের জন্য কথা বলেছি। যে দিনের পর দিন রাস্তায়, পথে, মঞ্চে দাঁড়িয়ে এনসিপির নামকে বিশ্বাসযোগ্য করে তুলেছি। যে নারী হিসেবে একা থেকে একা দাঁড়িয়ে থেকেছি, পাশে কেউ না থাকলেও অন্যায়ের প্রতিবাদ করেছি।’
পোস্টে তিনি আরও লেখেন, ‘যে ভয় পায়নি, যখন সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। যে কনসেপ্ট দিয়েছে, কন্টেন্ট বানিয়েছে, প্রচার করেছে, দলের দিকভ্রান্ত পথগুলো নিয়ে প্রশ্ন তুলেছে। কারণ, আমি দলকে ভাঙতে নয়, গঠন করতে চেয়েছি। কিন্তু আজ যখন একজন তুষার, যার বিরুদ্ধে নির্যাতন, মিথ্যাচার, দুর্নীতির অভিযোগ প্রমাণসহ উত্থাপন হয়েছে, সে দিব্যি দলের ভেতর রাজনীতি করে যাচ্ছে।’
তিনি আরও উল্লেখ করে বলেন, ‘আর আমি একজন ন্যায়ের পক্ষে দাঁড়ানো মানুষ তাকেই সরিয়ে দেওয়া হয়েছে পদযাত্রা থেকে, তখন প্রশ্নটা উঠবেই। এনসিপি কি নীতির দল, নাকি সুবিধাবাদী নাটক? আপনারা যারা আজ ‘নীলা এনসিপিকে খেয়ে ফেলবে’ বলে চিৎকার করছেন, তারা নিজেরাই কি জানেন না আমি কতটা শ্রম, কতটা রক্ত-ঘাম এই দলে ঢেলেছি? কোনওদিন একটিবারও কি নিজের স্বার্থের জন্য দলকে ব্যবহার করেছি? আমি কাউকে খাই না। আমি কাউকে ভাঙি না।’
তিনি বলেন, ‘আমি শুধু সত্যটা বলি। আর সত্য বললেই যদি একটা দল কেঁপে ওঠে, তাহলে সমস্যা সত্যে না, সমস্যা সেই দলের ভিতরে। তাহলে বলুন, ভয়টা আসলে কাকে? আমাকে? না নিজেরা নিজেদের মুখ দেখার।”
প্রসঙ্গত, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন দলটির সদস্য নীলা ইসরাফিল। এরপর তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করে এনসিপি।
স্বদেশ প্রতিদিন/এমএম