প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ১০:৫৭ AM

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা, ২০২৫’ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নীতিমালায় নির্বাচন পর্যবেক্ষক হতে গেলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে সর্বনিম্ন বয়সসীমা কমিয়ে ২১ বছর নির্ধারণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে পর্যবেক্ষকের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছিল এসএসসি বা সমমান, আর বয়সসীমা ছিল ২৫ বছর বা তদূর্ধ্ব।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০২৩ সালের নীতিমালার আওতায় নিবন্ধন পাওয়া ৯৬টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করা হয়েছে। এবার নতুন নীতিমালার আওতায় আগ্রহী সংস্থাগুলোকে নতুন করে আবেদন করে নিবন্ধন পেতে হবে, যা পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে।
ইসির সহকারী জনসংযোগ পরিচালক মো. আশাদুল হক জানান, এবার পর্যবেক্ষণ নীতিমালায় বেশ কিছু নতুন সংযোজন এসেছে। বর্তমান কমিশন পর্যবেক্ষক হতে শিক্ষাগত যোগ্যতা বাড়িয়েছে এবং পর্যবেক্ষকদের ন্যূনতম বয়স কমিয়েছে। তিনি জানান, সর্বশেষ সংসদ নির্বাচনের সময় নিবন্ধন পাওয়া পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করা হয়েছে।
নতুন নীতিমালার আলোকে আগ্রহী সংস্থাকে আবেদন করতে হবে এবং পুরো প্রক্রিয়া শেষ করে পাঁচ বছরের জন্য নিবন্ধন দেবে ইসি। নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা তিন দিন পর্যবেক্ষণ করার বিধান যুক্ত করা হয়েছে। পর্যবেক্ষকের বয়স ২১ বছর বা তদূর্ধ্ব হতে হবে; ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; নির্বাচন কমিশনে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা তিন দিনের জন্য (নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন ও নির্বাচনের পরের দিন) পর্যবেক্ষক মোতায়েন করতে পারবে।
স্বদেশ প্রতিদিন/এমএম