প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ১১:২৫ AM

দক্ষিণ সিরিয়ার সুইদা প্রদেশে সম্প্রতি ছড়িয়ে পড়া সহিংসতায় অন্তত ৫৯৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর)।
সংস্থাটি জানিয়েছে, গত রবিবার থেকে শুরু হওয়া সংঘর্ষে ভয়াবহ নৃশংসতা চালানো হয়েছে। নিহতদের মধ্যে ৩০০ জনই দ্রুজ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য। তাদের মধ্যে ১৪৬ জন যোদ্ধা এবং ১৫৪ জন বেসামরিক মানুষ।
এসওএইচআর-এর তথ্য অনুযায়ী, এসব বেসামরিক মানুষের মধ্যে ৮৩ জনকে সিরিয়ার সরকারি বাহিনী সরাসরি গুলি করে হত্যা করেছে। এ ছাড়া সরকারি বাহিনীর অন্তত ২৫৭ জন সদস্য ও ১৮ জন বেদুইন যোদ্ধাও নিহত হয়েছেন।
এসওএইচআর আরো জানায়, দ্রুজ যোদ্ধারা তিনজন বেদুইন বেসামরিক নাগরিককে সরাসরি হত্যা করেছে। এই সংঘর্ষের সূত্রপাত দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের মধ্যে বিরোধ থেকে।
অপরদিকে, ইসরায়েলি বিমান হামলায় আরো ১৫ জন সরকারি সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে। ইসরায়েলের দাবি, তারা দ্রুজদের রক্ষায় ও সিরীয় সরকারি বাহিনীকে সুইদা থেকে পিছু হটাতে এই হামলা চালায়।
যদিও এসওএইচআর নিহতের সংখ্যা ৫৯৪ বলছে, সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস নামে অপর এক সংস্থা জানায়, তারা এখন পর্যন্ত ১৬৯ জন বেসামরিক নাগরিকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
তবে এসওএইচআর-এর দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সিরিয়ার নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষ থেকেও নিহতের সংখ্যা ৩০০ বলে উল্লেখ করা হয়েছে।
সূত্র: বিবিসি
স্বদেশ প্রতিদিন/এমএম