প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৭:১২ পিএম

কার্ডধারী দরিদ্র ও নিম্নআয়ের পরিবার আগামী আগস্ট থেকে ১৫ টাকা কেজি দরে চাল পাবে
চট্টগ্রামের ১৫ উপজেলার প্রায় এক লাখ কার্ডধারী দরিদ্র ও নিম্নআয়ের পরিবার আগামী আগস্ট থেকে ১৫ টাকা কেজি দরে চাল পাবে।
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রতিটি পরিবার মাসে ৩০ কেজি করে চাল পাবে টানা ছয় মাস।
জেলা খাদ্য বিভাগ জানিয়েছে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই চার মাস চাল বিতরণ চলবে। এরপর ডিসেম্বর ও জানুয়ারিতে কর্মসূচি স্থগিত থাকবে।
এরপর আবার ফেব্রুয়ারি ও মার্চে চাল বিতরণ হবে। গতবছর এ কর্মসূচিটি ছিল ৫ মাস, এবার তা বাড়িয়ে ৬ মাস করা হয়েছে বলে জানায় খাদ্য বিভাগ।
চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) মো. ফখরুল আলম জানান, এবার ১৫টি জেলার ৯৪ হাজার ৮৭১টি পরিবার এ সুবিধা পাবে। এই কার্ডধারী দরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলো বছরে ৬ মাস চাল পাবে। গত বছর এই কর্মসূচির আওতায় চাল পেয়েছিল ৯০ হাজার ৬৭১ পরিবার।
তিনি আরো জানান, খাদ্যবান্ধব কর্মসূচি শুধু উপজেলা পর্যায়ে পরিচালিত হবে, শহর এলাকায় এটি প্রযোজ্য নয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ