প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ১:১৭ পিএম

আশুলিয়ার বিশমাইল থেকে জিরাবো পর্যন্ত সড়কের বেহাল অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা। দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার না হওয়ায় ছোট-বড় গর্তে ভরে গেছে পুরো সড়কটি। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে জমে যায় পানি, সৃষ্টি হয় জলাবদ্ধতা, বাড়ে দুর্ঘটনার ঝুঁকি।
প্রতিদিন স্কুল, অফিস ও বাজারে যাতায়াতকারী হাজারো মানুষকে এই ভাঙা রাস্তা পেরিয়ে যেতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুই-ই অপচয় হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে শিক্ষার্থী, রোগী ও জরুরি সেবা পরিবহন।
স্থানীয়রা অভিযোগ করেন, বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে দাবি এলাকাবাসীর।
একজন বাসিন্দা বলেন, "প্রায় প্রতিদিন কেউ না কেউ এই রাস্তায় পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। কখনো বাইক, কখনো রিকশা উল্টে যাচ্ছে।" প্রায় সময় ৩ থেকে ৪ কিলোমিটার রাস্তায় জ্যাম লেগেই থাকে প্রতি দিন।
স্থানীয় জনপ্রতিনিধি ও সড়ক বিভাগে দ্রুত সংস্কারের দাবি জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসীর প্রত্যাশা, অবিলম্বে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে রাস্তাটি মেরামত করা হোক।
স্বদেশ প্রতিদিন/কেআইকে