প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ১:৩৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাস মোকাবেলায় শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতিস্বরূপ ১৭ জুলাই কে সন্ত্রাস প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা দিয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে ঢাবির রাজু ভাষ্কর্যের পাদদেশে জুলাই উইমেন্স ডে উদযাপনকালে এ ঘোষণা দেন তিনি।
এসময়, ১৭ জুলাইয়ের পাশাপাশি ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থী দিবস পালনের ঘোষণা দেন উপাচার্য। একইসাথে, দিবস দুটো বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি।
উপাচার্য বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে নারী শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতিস্বরূপ ১৪ জুলাই পালিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থী দিবস। এটিকে আমরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত করব।’
তিনি আরও বলেন, ছাত্রলীগের সন্ত্রাস মোকাবেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীতা যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, সেটির স্বীকৃতি স্বরূপ ১৭ জুলাই সন্ত্রাস প্রতিরোধ দিবস পালিত হবে। এটিও একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হবে।
প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানে নারীদের বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ উদযাপিত হচ্ছে জুলাই উইমেন্স ডে। এ উপলক্ষ্যে ঢাবিতে ১৪ জুলাই রাতব্যাপী চলছে নানা আয়োজন। পাশাপাশি, ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরিক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে