নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করা হচ্ছে : ড. এম এ কাইয়ুম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, “জনগণের বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক দল অবস্থান নেয়, সেই দল অটোমেটিক’লি বিলুপ্ত হয়ে যায়।”
আজ শনিবার (৫ জুলাই) গুলশান ২-এ একটি হলরুমে রামপুরা থানা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আলহাজ্ব এম এ কাইয়ুম বলেন, “আওয়ামী লীগ ভুল রাজনীতি করেছে, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, লুটপাট করেছে, জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ বিলুপ্তির পথে চলে যাবে। বাংলাদেশে ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না। এটি নিষিদ্ধ করা না করার বিষয় নয়। তাদের ভুলের রাজনীতির কারণে বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন করবে না। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে ফিরে আসার কোন সুযোগ নেই।”
আলহাজ্ব এম এ কাইয়ুম আরো বলেন, “আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা বিজয় লাভ করেছিলাম ২০২৪ সালের ৫ই আগস্ট। যে আন্দোলনটা শুরু হয়েছিল ১৭ বছর আগেই। এই বিজয়ের মধ্যে আমাদের আকাক্সক্ষা গুলো ছিল মানুষ শোষণ বঞ্চনা থেকে মুক্তি পাবে। এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি যারা হবেন, তারা নিজেদেরকে যেন মুঘল সম্রাট হিসেবে না ভাবেন- সেই ব্যবস্থার বিলুপ্তি ঘটবে। প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতিসহ সরকারি কর্মকর্তারা জবাবদিহিতার আওতায় আসবেন। সমস্ত কিছুর মধ্যে একটি গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে। বাংলাদেশ রাষ্ট্রটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে এবং সরকার জবাবদিহিতার মধ্যে থাকবে। রাষ্ট্র যখন গণতান্ত্রিক হয় সরকার তখন জবাবদিহি করতে বাধ্য হয়।”
তিনি বলেন, “গত ১৭ বছর স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের বাতি জ্বালিয়ে রেখেছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর এ কারণে জুলাই-আগস্টে ছাত্রজনতার আন্দোলন সহজ হয়েছে। ৫ আগষ্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে স্বৈরাচারিনী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেছে। তাই আন্দোলনের বাতি জ্বালিয়ে রাখা বিএনপি জনগণের কাছে আরো জনপ্রিয় হয়ে উঠেছে। এ নিয়ে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না।”
নেতাকর্মীদের উদ্দেশ্যে এম এ কাইয়ুম বলেন, “ধৈর্য্যহারা হবেন না। সময় এসেছে, আপনাদের মূল্যায়ন করা হবে। তবে, নিজেদের মধ্যে ভেদাভেদ তৈরি করা যাবে না। কাদা ছোড়াছুড়ি করা যাবে না। আন্দোলন সংগ্রামে যারা মাঠে ছিলেন, তাদের ত্যাগকে মূল্যায়ন করে পদায়ন করা হবে। এক্ষেত্রে সিনিয়রদেরকেও যথাযথ পদে পদায়ন করা হবে।”

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব এ জি এম শামছুল হক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য জাহাঙ্গীর মোল্লা, ভিপি শাহীন, ভুইয়া সোহেল, রামপুরা থানা বিএনপির আহ্বায়ক হেলাল কবির হেলু, যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমিন নীলুসহ অঙ্গও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুমের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাকে অভিবাদন জানান রামপুরা থানা বিএনপির নেতৃবৃন্দ।