প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৭:১০ পিএম

সংগৃহীত ছবি
এশিয়ান কাপ বাছাই পর্বে আগেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ শুক্রবার (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে) নিয়মরক্ষার ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হয় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে গুরুত্বহীন এই ম্যাচেও দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছে দলটি।
খেলার মাত্র ২০ মিনিটেই তুর্কমেনিস্তানের জালে ছয়টি গোল জড়িয়েছে বাংলাদেশ। শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলতে থাকা মেয়েরা ম্যাচের ৩ মিনিটেই এগিয়ে যায় স্বপ্না রাণীর গোলে। এরপর ৬ ও ১৩ মিনিটে জোড়া গোল করেন শামসুন্নাহার। ধারাবাহিক আক্রমণে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি ব্রিটিশ কোচ পিটার বাটলারের শিষ্যরা।
মিয়ানমারের বিপক্ষে জয়ী একাদশে কোনো পরিবর্তন আনেননি কোচ বাটলার। আর এই ম্যাচেও তার সেই সিদ্ধান্ত কাজে লেগেছে।
র্যাঙ্কিংয়ে তুর্কমেনিস্তানের চেয়ে এগিয়ে থাকা জর্ডান, বাহরাইন, ইন্দোনেশিয়া ও মিয়ানমারকে হারানোর অভিজ্ঞতা নিয়ে মাঠে নামে বাংলাদেশ। তাই কাগজে-কলমে বাংলাদেশ ছিল স্পষ্ট ফেভারিট। মাঠের খেলায়ও তার প্রমাণ মিলেছে দারুণভাবে।
বাংলাদেশ একাদশ:
রুপনা চাকমা (গোলরক্ষক), আফিদা খন্দকার (অধিনায়ক), শিউলি আজিম, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, স্বপ্না রাণী, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার ও তহুরা খাতুন।
বাংলাদেশ নারী দলের এই দুর্দান্ত পারফরম্যান্সে ফুটবলপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাসের পাশাপাশি বড় আশা তৈরি হয়েছে আসন্ন চূড়ান্ত পর্ব ঘিরে।
স্বদেশ প্রতিদিন/এনআর