চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের সাতানী গ্রামের এক যুবক নিখোঁজ হওয়ার পর তার পরিবারের কাছে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পরেছে। নিখোঁজ যুবকের নাম মো. ফরহাদ জুয়েল (২৭)। তিনি সাতানী গ্রামের আবুল হাসেমের ছেলে।
আরও পড়ুন
পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (৪ জুলাই) শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে ফরহাদ জুয়েল মোটরসাইকেল নিয়ে মোহনপুর বাজারের উদ্দেশ্যে রওনা হয়। এর পর রাত ১১ বেজে গেলেও ফরহাদ বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে ওঠেন। তার ব্যবহৃত ফোনে একাধিকবার কল করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের রোকজন বিভ্ন্নি স্থানে খোঁজ করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরদিন সকালে পাঁচানী স্কুলের দক্ষিণ পাশে সামছু মিয়ার বাড়ির কাছে রাস্তার ধারে ফরহাদ জুয়েলের মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখেন এলাকাবসী। এরপর পরিবারের পক্ষ থেকে মতলব উত্তর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এদিকে, নিখোঁজের পরদিন বিকেলে জুয়েলের বড় ভাই সোহেলের মোবাইলে একটি অজানা নম্বর থেকে ফোন আসে এবং তাকে মুক্তি দেওয়ার বিনিময়ে ৩০ হাজার টাকা দাবি করা হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। এ ঘটনায় পরিবারের সদস্যরা ধারণা করছেন তাকে অপহরণ করা হয়েছে।
নিখোঁজ যুবকের পিতা আবুল হাসেম থানায় দায়ের করা লিখিত অভিযোগে বলেন, ‘আমার ছেলে কোথায় আছে আমরা জানি না। মোটরসাইকেল পাওয়া গেছে, কিন্তু সে এখনো নিখোঁজ। এমনকি অপরিচিত নম্বর থেকে মুক্তিপণের জন্য ফোন আসায় আমরা আতঙ্কে আছি।’