প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৮:২৫ AM আপডেট: ০৫.০৭.২০২৫ ৫:১২ PM

ভাষা আলাদা, দেশ আলাদা, সংস্কৃতিও ভিন্ন। কিন্তু ভালোবাসা এসব মানে না। তেমনই এক প্রেমের গল্প এখন সবার মুখে মুখে নওগাঁয়। মালয়েশিয়ার তরুণী নাজিয়া বিনতে শাহরুল হিজাম পাড়ি জমিয়েছেন হাজার মাইল দূরের বাংলাদেশে, শুধু তার প্রেমিক জামিল হোসেনকে বিয়ে করতে।
আরও পড়ুন
নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ি গ্রামের ছেলে জামিল হোসেনের সঙ্গে তিন বছরের প্রেমের সম্পর্কের ইতি টেনে গত ৪ জুলাই তারা বিয়ে করেন। স্থানীয়ভাবে জাকজমকভাবে অনুষ্ঠিত হয় এই বিয়ে। ভিনদেশি কনের আগমনে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য, বাড়িতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক মানুষ।
জামিল হোসেন ২০১৭ সালের শেষের দিকে মালয়েশিয়ায় পাড়ি জমান। জহুরবারু মোয়ার থানা এলাকায় একটি ফার্নিচারের দোকানে চাকরি করতেন। পাশেই এক শপিংমলে নিয়মিত কেনাকাটায় পরিচয় হয় মালয়েশীয় তরুণী নাজিয়ার সঙ্গে। ধীরে ধীরে সেই পরিচয় রূপ নেয় গভীর প্রেমে।
নাজিয়া জানান, তিনি জামিলকে অনেক ভালোবাসেন। প্রথমে তার পরিবার একটু দ্বিধায় থাকলেও পরে প্রেম ও পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিয়েতে রাজি হন। কিছুদিন আগেই মালয়েশিয়ায় প্রথম বিয়ে সম্পন্ন হয়। এরপর গত ৩০ জুন বাংলাদেশে এসে জামিলের গ্রামের বাড়িতে আবারও ইসলামি শরিয়ত অনুযায়ী বিয়ে করেন।
জামিলের মা হালিমা খাতুন বলেন, ‘নাজিয়াকে ছেলের বউ হিসেবে পেয়ে আমরা খুব খুশি। মেয়ের মতোই তাকে গ্রহণ করেছি। বাড়িতে এসে সে সবার সঙ্গে ভালোভাবে মিশে গেছে, ঘরের কাজেও সহযোগিতা করছে।’
নাজিয়াও বলেন, ‘বাংলাদেশে এসে খুব ভালো লাগছে। সবাই খুব আন্তরিকভাবে আমাকে গ্রহণ করেছে। এখানকার খাবার খুবই মজার। মনে হচ্ছে, আমি নতুন কারো মধ্যে নই- পুরনো পরিচিতদের মাঝেই আছি।’
আরও পড়ুন
বিলাশবাড়ি গ্রামে এখন যেন উৎসবের আমেজ। অনেকেই বলছেন, ‘সোশ্যাল মিডিয়ায় এমন প্রেমকাহিনি অনেক দেখেছি, কিন্তু এবার নিজের চোখে দেখছি। একটা বিদেশি মেয়ে শুধুমাত্র ভালোবাসার টানে আমাদের গ্রামে এসে বিয়ে করেছে- এটা গর্বের ব্যাপার।’
ছুটি শেষে নবদম্পতি আবার মালয়েশিয়ায় ফিরে যাবেন বলে জানা গেছে।
স্বদেশ প্রতিদিন/এমএম