জাতীয় পার্টি ও দলের চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দলটির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে আয়োজিত এক মশাল মিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান এ দাবি জানান।
আরও পড়ুন
জাতীয় পার্টির করা মামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এ মিছিলের আয়োজন করা হয়। বরিশালে সংগঠনের শীর্ষ নেতা নুরুল হক নুর ও রাশেদ খানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার নিন্দা জানিয়ে মিছিলটি আলরাজি কমপ্লেক্স থেকে শুরু হয়ে পল্টন ও পানির ট্যাংকি ঘুরে আবারও আলরাজি কমপ্লেক্সে এসে শেষ হয়।
সমাবেশে রাশেদ খান বলেন, “জিএম কাদের কি হাসিনার চেয়েও শক্তিশালী? হাসিনা দেশ ছেড়ে দিল্লি পালিয়ে গেছেন, আর ভারতের এজেন্ট জিএম কাদের দেশে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন।” তিনি প্রশ্ন তোলেন, “জাতীয় পার্টির কর্মকাণ্ড এখনো কেন নিষিদ্ধ হচ্ছে না? কারা তাদের রক্ষা করছে?”
বরিশালের মামলার প্রসঙ্গ টেনে তিনি ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে মামলা গ্রহণকারী ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করার দাবি জানান রাশেদ খান। তিনি বলেন, “আজ নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিসের ইট খুলে আনতে চেয়েছিল। আমি দায়িত্বশীল জায়গা থেকে তা আটকেছি। কিন্তু সরকার যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে কত দিন তাদের থামিয়ে রাখা যাবে?”
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “জিএম কাদেরের অবস্থা যদি একদিন নুরুল হুদার মতো হয়, তার দায় সরকার নিতে পারবে না। এর আগেই ব্যবস্থা নিন।”
সমাবেশে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা শাকিল উজ্জামান, হাবিবুর রহমান রিজু, রবিউল হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ খান বাপ্পি, যুব অধিকার পরিষদের সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াস প্রমুখ।