প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১২:২২ AM

প্রতীকী ছবি
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার জাফরপুর বিজিবি ক্যাম্প ও বনবিভাগ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া একটি জ্বালানি তেলবাহী ট্রাক ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বন বিভাগের সামনে রাস্তায় পড়ে থাকা একটি গাছের ডাল পাশ কাটাতে গিয়ে ট্রাকটি চুয়াডাঙ্গামুখী একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের দুই যাত্রী নিহত হন এবং আহত হন চালকসহ আরও পাঁচজন।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। অপরজন চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী গ্রামের আসকার আলীর মেয়ে মাছুরা খাতুন (৫৯)। আহতদের মধ্যে ইজিবাইকচালক আরিফুল ইসলাম (৩৫) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে মারা যান। তিনি দামুড়হুদার জয়রামপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
আহতরা হলেন দেলোয়ার হোসেন সাইম (২৮), আল আমিন (২২), ফাহাদ আহম্মেদ (২২), তার স্ত্রী রিয়া খাতুন (২০) এবং তাদের এক বছরের শিশু সন্তান ইয়াসিন। তাদের মধ্যে ফাহাদ ও রিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী পাঠানো হলেও চালক আরিফুল ইসলামকে রেফার করা সম্ভব হয়নি। তিনি হাসপাতালেই মারা যান।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তেলবাহী ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্বদেশ প্রতিদিন/এনআর