প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১০:১৪ AM আপডেট: ০৩.০৭.২০২৫ ১০:১৬ এএম

রাজধানীর ভাটারায় রান্নাঘরের গ্যাসলাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজন সদস্য দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন, হালিম শেখ (৫০), তাঁর স্ত্রী শিউলি বেগম (৪৫), ছেলে হানিফ শেখ (২৪) ও হালিমের বোন রহিমা বেগম (৫০)।
বুধবার (২ জুলাই) সন্ধ্যায় ভাটারার পূর্ব নূরের চলা এলাকায় একটি টিনশেড বাসায় এই দুর্ঘটনা ঘটে। হালিম শেখের ভাগ্নে সাগর আহমেদ আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আহতদের মধ্যে হানিফ শেখের শরীরের ৯০ শতাংশ ও হালিম শেখের ৩৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের দুজনের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক।
অন্য দুইজন সামান্য দগ্ধ হওয়ায় তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার বিষয়ে সাগর আহমেদ জানান, ‘হানিফ রান্নাঘরে ডিম ভাজছিলেন। হঠাৎ গ্যাসলাইনের লিকেজ থেকে আগুন লেগে তাঁর লুঙ্গিতে ধরে যায়। তাঁর চিৎকারে পরিবারের অন্যরা ছুটে এসে তাঁকে বাঁচাতে গেলে নিজেরাও আগুনে দগ্ধ হন।’
স্বদেশ প্রতিদিন/এমএম