প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১০:২৬ AM

ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালির কাছে একটি যাত্রীবাহী ফেরি ডুবে গেছে। ফেরিটিতে থাকা ৬৫ জনের মধ্যে ৪৩ জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির জাতীয় উদ্ধার সংস্থা।
ঘটনাটি ঘটে বুধবার (২ জুলাই) রাতে, যখন ‘কেএমপি তুনু প্রত্যমা জয়া’ নামের ফেরিটি পূর্ব জাভার কেটাপাং বন্দর থেকে রওনা হওয়ার মাত্র ৩০ মিনিট পর ডুবে যায়। ফেরিটির গন্তব্য ছিল বালির গিলিমানুক বন্দর।
ফেরিটিতে ৫৩ জন যাত্রী, ১২ জন কর্মী এবং ২২টি যানবাহন ছিল, যার মধ্যে ১৪টি ছিল ট্রাক।
দুর্ঘটনার পর ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি ৪৩ জন নিখোঁজ রয়েছেন। তাঁদের সন্ধানে রাতভর উদ্ধার অভিযান পরিচালিত হয়, তবে উত্তাল সমুদ্র এবং দুই মিটার উচ্চতার ঢেউ উদ্ধার কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করেছে।
ইন্দোনেশিয়ার পুলিশ জানিয়েছে, বর্তমানে ৯টি নৌযান, যার মধ্যে রয়েছে ২টি টাগ বোট ও ২টি রাবার বোট, উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছে।
প্রসঙ্গত, ১৭ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় নৌপথ অন্যতম প্রধান যাতায়াত মাধ্যম হলেও, নৌ নিরাপত্তার ঘাটতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।
সূত্র: এপি, আল-জাজিরা
স্বদেশ প্রতিদিন/এমএম