প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৯:৫৫ AM

পটুয়াখালীর বাউফল উপজেলার এক এইচএসসি পরীক্ষার্থী ফাহিম (১৮)-কে কুপিয়ে হত্যার ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী ঘাতক শাকিল মীরের পরিবারের চারটি বসতঘর পুড়িয়ে দিয়েছে।
বুধবার (২ জুলাই) বিকেলে উপজেলার নওমালা ইউনিয়নের ভাংড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থীসহ শতাধিক জনতা শাকিল মীরের দাদা কাসেম মীর, বাবা রশিদ মীর, চাচা সানু মীর ও জসিম মীরের ঘরগুলোতে আগুন লাগিয়ে দেয়।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে ঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে দশমিনা উপজেলার ‘ধলু ফকির বাজারে’ কথা কাটাকাটির একপর্যায়ে শাকিল মীর নামের এক বখাটে পরীক্ষার্থী ফাহিমকে ছুরিকাঘাতে হত্যা করে। এ খবর পেয়ে তার বাবা জাকির হোসেন বয়াতি ঘটনাস্থলে এসে ছেলেকে বাঁচানোর চেষ্টা করলে তাকেও ছুরিকাঘাত করে শাকিল ও তার সাঙ্গপাঙ্গরা। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহত ফাহিম চলতি এইচএসসি পরীক্ষায় নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা দিচ্ছিল।
ঘটনার পর দশমিনা থানায় একটি হত্যা মামলা হয়েছে। অপরদিকে, আগুন দেওয়ার ঘটনা জানার পর বাউফল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্বদেশ প্রতিদিন/এমএম