প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৯:৩৭ AM

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডাইফ) শ্রম বিষয়ক হেল্পলাইন ১৬৩৫৭-এর উন্নত সংস্করণ (আপগ্রেডেড ভার্সন) উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২ জুলাই) রাজধানীর শ্রম ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান।
শ্রম সচিব বলেন, ‘শ্রমজীবী মানুষের কল্যাণ ও অধিকার রক্ষায় এ আপগ্রেডেড হেল্পলাইন একটি যুগান্তকারী পদক্ষেপ। এ আওতায় গত ২০২৪-২৫ অর্থবছরে এই হেল্পলাইনের মাধ্যমে ৬,১৯৬টি অভিযোগ প্রাপ্তির মধ্যে ৪,৮৩৮টি সফলভাবে নিষ্পত্তি করা হয়েছে। শ্রম বিষয়ক হেল্পলাইন ১৬৩৫৭ এর আপগ্রেডেড ভার্সন চালুর মাধ্যমে দ্রুততম সময়ে আরো অধিক সংখ্যক সেবা প্রদান করা সম্ভব হবে।’
শ্রম সচিব আরো বলেন টোল-ফ্রি নম্বর ১৬৩৫৭ সার্বক্ষণিক বিনামূল্যে সেবা প্রদান করে। এ সেবার মাধ্যমে শ্রমিকদের বেতন/মজুরি সংক্রান্ত, প্রসূতি কল্যাণ সুবিধা, অন্যায়ভাবে বরখাস্ত, কর্মসংক্রান্ত সুবিধা কর্মক্ষেত্রের নিরাপত্তা সংক্রান্ত, শ্রমিক-মালিক বিরোধ, কর্মঘণ্টা ও ছুটির বিষয়, শিশুশ্রম প্রতিরোধ, শ্রম সংক্রান্ত যেকোনো অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাইফের মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিন। এ সময় উপস্থিত ছিলেন ডাইফ ও শ্রম অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, শ্রমিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
স্বদেশ প্রতিদিন/এমএম