ফেসবুকে ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত উমর (রা.) এবং সাহাবি হযরত আমিরে মুয়াবিয়া (রা.)-কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্যের অভিযোগে মৌলভীবাজারে এক নারী আইনজীবীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৌলভীবাজার শহরের ক্লাব রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
আরও পড়ুন
আটক নারীর নাম উমায়রা ইসলাম। মৌলভীবাজার সদর মডেল থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্মীয় কটূক্তির অভিযোগে ওই নারী আইনজীবীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে আনা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
পুলিশ জানায়, উমায়রা ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে হযরত উমর (রা.) ও সাহাবি হযরত মুয়াবিয়া (রা.)-কে নিয়ে অশালীন ও কটূক্তিমূলক মন্তব্য করেন। পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মানুষের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়।
স্থানীয় মুসলিম কমিউনিটি, আলেম-ওলামা ও বিভিন্ন ইসলামপন্থী সংগঠন দ্রুত তার গ্রেপ্তারের দাবি জানায়। মৌলভীবাজারে সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী এবং ধর্মপ্রাণ জনতা থানার সামনে বিক্ষোভ শুরু করে।