প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৮:০২ পিএম

কুড়িগ্রাম রৌমারী সীমান্তে আন্তর্জাতিক সীমানার নো-ম্যান্স ল্যান্ডে বাংলাদেশের অভ্যন্তরে হলহলিয়া নদী থেকে ভাসমান অবস্থায় পরিচয়হীন নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ জুন) পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম জেলা মর্গে প্রেরণ করেছেন। শুক্রবার (২৭ জুন) রাত ৮ টায় উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পূর্ব ইটালুকান্দা এলাকার সীমান্তবর্তী হলহলিয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সীমানার ১০৫৩ নং মেইন পিলার থেকে দেড়শ গজ বাংলাদেশের অভ্যন্তরে গরু চড়াতে গেলে নদীতে মরদেহ ভাসতে দেখতে পান তারা। পরে বিজিবিকে খবর দেওয়া হলে তারা রাতেই ঘটনাস্থল যান এবং পুলিশকে বিষয়টি অবগত করেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
দাঁতভাঙ্গা ইউনিয়নের স্থানীয় মেম্বার মো. হাবিবুর রহমান বলেন, ‘হলহলিয়া নদীতে এক নারীর লাশ ভাসে ওঠার সংবাদ পেয়েছি। পরে স্থানীয়রা থানা পুলিশ ও বিজিবিকে সংবাদ দিলে তারা এসে নদী থেকে রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান ‘
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্ত সাহেবের আলগা বিজিবি ক্যাম্পের সুবেদার মোনায়েম খান বলেন, ‘হলহলিয়া নদীতে অজ্ঞাত এক নারীর লাশ ভাসছিল বলে সংবাদ পাই। সেখানে গিয়ে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।’
রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. মোসাদ্দেক হোসেন বলেন, ‘সীমান্তের কাছাকাছি হলহলিয়া নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়। মরদেহটি সম্ভবত কয়েকদিন আগের, তাই শরীরের বিভিন্ন অংশগুলো খসে পড়েছে। শনিবার সকালে লাশটি ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম জেলা মর্গে পাঠানো হয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম